Recents in Beach

ব্রেকিং নিউজ

রামুতে বন্য হাতির আক্রমণে মা ও শিশুকন্যার মর্মান্তিক মৃত্যু!


নিজস্ব প্রতিবেদক

কক্সবাজারের রামুতে বন্য হাতির আক্রমণে এক গৃহবধূ ও তার শিশুকন্যার মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (৩০ এপ্রিল) রাত আনুমানিক ২টার দিকে উপজেলার খুনিয়াপালং ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের দক্ষিণ খুনিয়া এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। 

স্থানীয় সূত্রে জানা যায়, গভীর রাতে একদল বন্য হাতি পাহাড়ের ঢালে বনবিভাগের জায়গায় অবস্থিত একরামের বাড়িতে হানা দেয়। হাতির দল প্রথমে আশপাশের বিভিন্ন ফলদ গাছপালা ভাঙচুর করে ব্যাপক ক্ষয়ক্ষতি করে। পরে তারা বসতঘরে আক্রমণ চালায়।

এ সময় ঘরে থাকা একরামের স্ত্রী ছেনোয়ারা বেগম (২৪) তাদের দুই বছর বয়সী কন্যা আছমা বিবিকে (২) নিয়ে আতঙ্কিত অবস্থায় ঘর থেকে বের হয়ে পালানোর চেষ্টা করেন। এ সময় রাতের অন্ধকারে হাতির দল তাদের ধাওয়া করে এলোপাতাড়ি আক্রমণ চালায়। এতে ঘটনাস্থলেই মা ও শিশুকন্যার মৃত্যু হয়।

ঘটনার সময় আশপাশের লোকজন হৈচৈ করে হাতির দলকে তাড়িয়ে দিতে সক্ষম হলেও ততক্ষণে মা ও শিশুর প্রাণ বাঁচানো সম্ভব হয়নি।

ঘটনার সত্যতা নিশ্চিত করে রামু থানার অফিসার ইনচার্জ মনিরুল ইসলাম ভূইয়া বলেন, পুলিশ খবর পেয়ে রাতেই রামু থানা পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করে এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেন।

Post a Comment

0 Comments