আনোয়ার হোছাইন ঈদগাঁও
কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় ইসলামাবাদ রেল স্টেশনের অবস্থান। ট্রেন চলাচল উদ্বোধনের দুই বছর পরও উপজেলার লাখো জনগণ ঢাকা টু কক্সবাজারগামী ট্রেন যোগাযোগ সুবিধা বঞ্চিত রয়ে গেছে । নিজ এলাকায় স্টেশন থাকার পরও উল্টো দক্ষিণে অর্ধশত কিলোমিটার দূরত্বের স্টেশনে গিয়ে ঢাকাগামী ট্রেনে উঠা নামা করতে হচ্ছে । এতে করে সময় ও অর্থ অপচয়ের পাশাপাশি রাত বিরাতে জীবন ঝুঁকিতে চলাচল করতে হচ্ছে যাত্রী সাধারণকে।
সরেজমিনে জানা যায়,বিগত সরকারের সময়ে চট্টগ্রামের দোহাজারী থেকে কক্সবাজার পর্যন্ত বহুল প্রত্যাশিত রেললাইন নির্মাণ শেষে বিগত ২০২৩ সালের শেষের দিকে ট্রেন চলাচল উদ্বোধন হয়। উপজেলার ইসলামাবাদে নির্মিত হয় অত্যাধুনিক রেলস্টেশন।যা জনগণের মাঝে আধুনিক রেল যোগাযোগ ব্যবস্থা নিয়ে তীব্র আশার সঞ্চার করে।
কিন্ত উদ্বোধন পরবর্তী দীর্ঘ সময় অতিবাহিত হলেও কক্সবাজার টু ঢাকাগামী এবং ঢাকা টু কক্সবাজারগামী ট্রেন ইসলামাবাদ স্টেশনে যাত্রা বিরতি দেয়না। যার কারণে অত্র উপজেলার ঢাকাগামী যাত্রীদের ঈদগাঁও থেকে উল্টো ৪৫ কিলোমিটার দক্ষিণে কক্সবাজার রেল স্টেশনে গিয়ে উঠানামা করতে হয়। ওখান থেকে দীর্ঘ ট্রেন যাত্রার পর ঝুকি নিয়ে গ্রামীণ সড়ক পথে নিজ এলাকায় ফিরতে হয় রাত বিরাতে বিরক্তিকর অসহ্য কষ্ট সয়ে।
সম্প্রতি বিভিন্ন গণমাধ্যম সুত্রে জানা যায়, বর্তমান সরকার ক্ষমতা গ্রহণের পর কক্সবাজার যেহেতু দেশবিদেশে পর্যটন এলাকা হিসেবে খ্যাত সেহেতু পর্যটক ও এতদ এলাকার জনগণের সুবিধার্থে ঢাকা-কক্সবাজার রেল সড়কে নতুন একটি ট্রেন পরিবহন সংযোজনের প্রক্রিয়া হাতে নিয়েছে।
এ অবস্থায় ঈদগাঁও উপজেলাসহ পাশ্ববর্তী রামু উপজেলার রশিদনগর,ঈদগড়,গর্জনিয়ার একাংশ, কক্সবাজার সদর উপজেলার চৌফলদন্ডী, ভারুয়াখালী,চকরিয়া উপজেলার খুটাখালী ও পার্বত্য নাইক্যাংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়নের সাত লক্ষাধিক জনগণের রাজধানী ঢাকার সাথে রেল যোগাযোগের সহজতর স্টেশন হচ্ছে ঈদগাঁও উপজেলার ইসলামাবাদ রেল স্টেশন। তাই এ জনপদের লাখো জনগণের প্রাণের দাবি হচ্ছে নতুন সংযোজন হতে যাওয়া ট্রেনটি যেন যাওয়া এবং ফেরার পথে ইসলামাবাদ স্টেশনে যাত্রা বিরতি দেয়। এ বিষয়ে যাত্রী সাধারণ সংশ্লিষ্টদের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।
ঈদগাঁও উপজেলা বিএনপি সভাপতি আবুল কালাম ও জাহানারা ইসলাম বালিকা উচ্চবিদ্যালয় প্রধান শিক্ষক গিয়াস উদ্দীন একই সুরে জানান, অত্র উপজেলার জনগণসহ পাশ্ববর্তী উপজেলার আরো ৬ টি ইউনিয়নের জনগণের রেল যোগাযোগের স্টেশন হচ্ছে ইসলামাবাদ।সুতরাং অবিলম্বে তারা অত্র স্টেশনে ঢাকাগামী ট্রেনের যাত্রা বিরতির দাবি জানান।
ইসলামাবাদ রেল স্টেশন মাস্টার মো: আবদুল কাইয়ুমের সাথে যোগাযোগ করা হলে জানান, উক্ত স্টেশনে ঢাকাগামী প্রচুর যাত্রীর রেল চাহিদা রয়েছে। কারণ এ উপজেলার উপর দিয়ে পাশ্ববর্তী আরো কয়েকটি উপজেলার জনগণেকে যাতায়াত করতে হয়।তাই তাদের রেল যোগাযোগের জন্য এ স্টেশনটি খুবই সহজতর। কতৃপক্ষ বিষয়টি বিবেচনায় নিলে রেল খাত আরো সমৃদ্ধ হবে বলে আশা প্রকাশ করেন।
এ বিষয়ে কক্সবাজার সদর ৩ আসনের সংসদ সদস্য লুৎফুর রহমান কাজলের সাথে কথা হলে জানান, অত্র স্টেশনে ঢাকাগামী ট্রেনের যাত্রা বিরতি না থাকায় উপজেলার জনগণের দূর্ভোগের বিষয়টি তিনি অবগত।ইতিমধ্যে তিনি যাত্রা বিরতির বিষয়ে পর্যটন এরিয়া হিসেবে অত্র স্টেশনকে বিবেচনায় নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করেছেন এবং এ প্রচেষ্টা অব্যাহত থাকবে জানান।

0 Comments