নিজস্ব প্রতিবেদক
পর্যটন নগরী কক্সবাজারে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং ছিনতাই, অস্ত্র ও মাদক সংক্রান্ত অপরাধ দমনে বিশেষ অভিযান পরিচালনা করেছে জেলা পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, জেলা পুলিশ সুপারের নির্দেশনায় কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ ছমি উদ্দিনের নেতৃত্বে গত ২৪ ঘণ্টায় থানা অধীন পৌরসভা ও বিভিন্ন ইউনিয়নে এ অভিযান চালানো হয়।
অভিযানে সাজাপ্রাপ্ত আসামিসহ মোট ১২ জন পরোয়ানাভুক্ত পলাতক আসামিকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছে বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত আসামি—আসিফুর রহমান, তানভির চৌধুরী, জাহেদ হোসেন, কমলা বেগম, মোঃ হাসান, মোজাম্মেল হক, আবুল কালাম (চিকন মাঝি), মোঃ হোছন, আবদুল গফুর, মধু কুমার শর্মা, মোঃ জাহিদ হোসেন এবং নুর নাহার বেগম।
পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বিভিন্ন মেয়াদের সাজা ও গ্রেফতারি পরোয়ানা বিচারাধীন ছিল। দীর্ঘদিন ধরে তারা পলাতক ছিলেন।
কক্সবাজার সদর মডেল থানার ওসি জানান, গ্রেফতারকৃত আসামিদের আইনানুগ প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
একইসঙ্গে অপরাধ দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি উল্লেখ করেন।

0 Comments