নিজস্ব প্রতিনিধি
কক্সবাজার পৌরসভার পাহাড়তলী এলাকায় পূর্ববিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে ছুরিকাঘাতে দুই যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুইজন আহত হয়েছেন।
মঙ্গলবার (৩ জুন) রাত সাড়ে ১১টার দিকে শহরের পাহাড়তলীর ইসলামপুর এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে একজন হলেন মোহাম্মদ হৃদয় (২৮)। তিনি চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়নের দক্ষিণ মেধাকচ্ছপিয়া এলাকার সিরাজুল ইসলামের ছেলে। অপর নিহত ব্যক্তি মো. আসিফ (২৭)।
তিনি কক্সবাজার পৌরসভার ইসলামপুর এলাকার বাবুলের ঘোনা এলাকার বাসিন্দা।
আহতদের মধ্যে রয়েছেন আশরাফুল ইসলাম (২০) এবং আরও একজন যুবক। তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ইসলামপুর এলাকার দুটি পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল।
এরই জেরে মঙ্গলবার রাতে উভয় পক্ষের মধ্যে কথা-কাটাকাটি শুরু হলে তা সংঘর্ষে রূপ নেয়। একপর্যায়ে সংঘর্ষ চলাকালে উভয় পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ছুরিকাঘাতের ঘটনা ঘটে।
এতে মোহাম্মদ হৃদয়সহ কয়েকজন গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক হৃদয়কে মৃত ঘোষণা করেন।
পরে গুরুতর আহত আসিফ ও অন্যদের উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার সকালে আসিফের মৃত্যু হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী বলেন, পূর্ববিরোধ ও কথা-কাটাকাটির জেরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।
ঘটনার পেছনে অন্য কোনো কারণ রয়েছে কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে।
তিনি আরও জানান, নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

0 Comments