নিজস্ব প্রতিবেদক

কক্সবাজারের চকরিয়া উপজেলার দক্ষিণ মানিকপুর বড়ুয়াপাড়া এলাকায় চোলাই মদ তৈরির কারখানার সন্ধান পেয়েছে থানা পুলিশ। সোমবার রাতে থানা পুলিশের একটি টিম ঘটনাস্থলে অভিযান চালিয়ে ২৫৬ লিটার চোলাই মদসহ লিটন বড়ুয়া (৩৮) নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে। একইরাতে পুলিশের অপর একটি দল চকরিয়া উপজেলার ডুলাহাজারা ইউনিয়নে অভিযান চালিয়ে ১৫ পিস্ ইয়াবা ট্যাবলেটসহ নাছির উদ্দিন (৪৫) নামের এক খুচরা মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে। মঙ্গলবার (১২ মে) বিকালে চকরিয়া থানা পুলিশের মিডিয়া শাখা থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে অভিযানের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। থানা পুলিশ জানিয়েছে, থানার ওসি মোহাম্মদ মনির হোসেন এর নেতৃত্বে পুলিশের একাধিক টিম সোমবার রাতে চকরিয়া উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ২৫৬ লিটার মদ ও ১৫ পিস ইয়াবাসহ দুইজন, মামলার পরোয়ানাভুক্ত ৫ আসামি এবং বিভিন্ন অপরাধচক্রে জড়িত ভাসমান বখাটেসহ মোট ৮ জন আসামীকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হলেন উপজেলা দক্ষিণ মানিকপুর বড়ুয়াপাড়ার ওমেন্দ বড়ুয়ার ছেলে লিটন বড়ুয়া (৩৮), ডুলাহাজারা ইউনিয়নের ষোলহিচ্ছা এলাকার মৃত মোহাম্মদ আলমের ছেলে নাছির উদ্দিন (৪৫), চিতাপাড়া এলাকার মৃত আবুল হোসেনের ছেলে মোঃ শহিদুল ইসলাম (২৪), ডুলাহাজারা ইউনিয়নের ডুমখালী এলাকার আমির হোসাইনের ছেলে আবুল কালাম (৩৮), চকরিয়া পৌরসভার কোচপাড়া এলাকার মোহাম্মদ জাকারিয়ার ছেলে মোঃ মুবিনুল ইসলাম (২৬), জমিদারপাড়ার মোঃ জকরিয়ার ছেলে মোঃ আমিন পুতালা (৪২), সাহারবিল ইউনিয়নের নয়াপাড়া এলাকার হেদায়েত আলীর ছেলে আব্দুল খালেক (৪৮) ও লক্ষ্যারচর ইউনিয়নের উত্তর লক্ষ্যারচর এলাকার নুরুল কবির এর ছেলে মোঃ সাদ্দাম হোসেন (২৪)। চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনির হোসেন বলেন, গ্রেফতারকৃত মাদক কারবারিসহ ৮ জনকে মঙ্গলবার দুপুরে চকরিয়া উপজেলা সিনিয়র জুড়িসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে সৌপদ্দ করা হয়েছে। তিনি বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নের লক্ষ্যে চকরিয়া থানার আওতাধীন এলাকায় সক্রিয় বিভিন্ন অপরাধচক্র, পরোয়ানাভুক্ত আসামী, নিয়মিত মামলার আসামী, মৎস্য ঘের ও ঘোনা দখলকারী, ভবঘুরে ও ভাসমান বখাটেসহ বিভিন্ন অপরাধে জড়িতদের গ্রেফতারে এবং মাদকবিরোধী অভিযান চলমান থাকবে।