Recents in Beach

ব্রেকিং নিউজ

লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে অধিকাংশ বেসরকারি হাসপাতাল

১৮০ প্রতিষ্ঠানের মধ্যে চলতি অর্থবছরে নবায়ন মাত্র ২৫টির; অতিরিক্ত রোগী ভর্তি, চিকিৎসক-নার্স সংকট ও পার্কিংয়েও অনিয়ম


ডেক্স নিউজঃ 

কক্সবাজারে লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে অধিকাংশ বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার। জেলার তালিকাভুক্ত ১৮০টি বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের মধ্যে চলতি ২০২৫-২৬ অর্থবছরে লাইসেন্স নবায়ন করেছে মাত্র ২৫টি। অর্থাৎ তালিকাভুক্ত প্রতিষ্ঠানের বড় অংশই বর্তমান অর্থবছরের নবায়ন তালিকার বাইরে রয়েছে। এ অবস্থায় লাইসেন্সের বৈধতা ও স্বাস্থ্যসেবার মান নিয়ে প্রশ্ন উঠেছে।

সিভিল সার্জন কার্যালয়ের তথ্য অনুযায়ী, জেলায় তালিকাভুক্ত ১৮০টি বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের মধ্যে হাসপাতাল ও ক্লিনিক ৪৫টি, ডায়াগনস্টিক সেন্টার ১১৭টি, ডেন্টাল ক্লিনিক ১০টি, ফিজিওথেরাপি সেন্টার একটি এবং মেডিকেল চেকআপ সেন্টার রয়েছে সাতটি। চলতি অর্থবছরে এসব প্রতিষ্ঠানের মাত্র ২৫টি লাইসেন্স নবায়ন করেছে। বাকি প্রতিষ্ঠানগুলোর সর্বশেষ নবায়ন বিভিন্ন আগের অর্থবছরে করা হয়েছে।

শুধু লাইসেন্স নবায়ন না করেই কার্যক্রম চালানোর অভিযোগ নয়, অনেক প্রতিষ্ঠানের বিরুদ্ধে স্বাস্থ্য অধিদপ্তরের নির্ধারিত শর্ত না মানার অভিযোগও রয়েছে। কোথাও অনুমোদিত বেডের চেয়ে বেশি রোগী ভর্তি করা হচ্ছে। কোথাও ২৪ ঘণ্টা ডিগ্রিধারী চিকিৎসক ও প্রশিক্ষিত নার্স রাখার শর্ত মানা হচ্ছে না। অস্ত্রোপচার কক্ষেও প্রশিক্ষিত জনবলের পরিবর্তে আয়া ও ওটি বয় দিয়ে গুরুত্বপূর্ণ কাজ করানোর অভিযোগ উঠেছে।

শর্ত মানছে না অনেক প্রতিষ্ঠান

কক্সবাজার শহরের হাসপাতাল সড়কসহ কয়েকটি এলাকায় সরেজমিনে গিয়ে দেখা গেছে, রোগীর চাপ থাকলেও সব প্রতিষ্ঠানে প্রয়োজনীয় চিকিৎসক ও নার্সের সার্বক্ষণিক উপস্থিতি নেই বলে অভিযোগ রয়েছে। কোনো কোনো ক্ষেত্রে অস্ত্রোপচারের কিছু সময় আগে চিকিৎসককে হাসপাতালে ডেকে আনার অভিযোগও রয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের নীতিমালা অনুযায়ী ক্লিনিক ও হাসপাতালে সার্বক্ষণিক চিকিৎসক ও প্রশিক্ষিত নার্স থাকার কথা থাকলেও বাস্তবে তার ব্যত্যয় ঘটছে বলে অভিযোগ পাওয়া গেছে।

এদিকে হাসপাতাল সড়ক এলাকায় চিকিৎসা নিতে আসা গ্রামের রোগীদের টার্গেট করে বিভিন্ন হাসপাতাল ও চিকিৎসকের নাম বলে রোগীদের নিয়ে যাওয়ার অভিযোগ রয়েছে দালাল চক্রের বিরুদ্ধে। প্রকাশ্যে এ ধরনের তৎপরতা চললেও তাদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা না নেওয়ায় ক্ষোভ রয়েছে রোগী ও স্বজনদের মধ্যে।

চিকিৎসায় অবহেলার অভিযোগ

টেকনাফের হ্নীলা এলাকার বাসিন্দা আনোয়ারুল ইসলাম তার স্ত্রী শরিফা আক্তারকে সন্তান প্রসবের জন্য চেইন্দা হোপ হাসপাতালে ভর্তি করান। সেখানে চিকিৎসার পর শরিফার অতিরিক্ত রক্তক্ষরণ হয়। পরে তাকে ইউনিয়ন হাসপাতালে নেওয়া হলে জরায়ু কেটে ফেলতে হয় বলে পরিবারের দাবি।

ভুক্তভোগী পরিবারের অভিযোগ, চিকিৎসায় ভুলের বিষয়টি নিয়ে পরে সমঝোতার মাধ্যমে ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয়েছিল। তবে এ অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট হাসপাতাল কর্তৃপক্ষের বক্তব্য পাওয়া যায়নি।

পার্কিং নেই, সড়কেই অ্যাম্বুলেন্স-গাড়ি

বেসরকারি হাসপাতালগুলোর আরেকটি বড় সমস্যা পার্কিং। অনেক প্রতিষ্ঠানের সামনে রোগী বহনকারী গাড়ি ও অ্যাম্বুলেন্স রাখার পর্যাপ্ত জায়গা নেই। ফলে হাসপাতালমুখী গাড়ি সড়কে দাঁড়িয়ে থাকায় যানজট সৃষ্টি হচ্ছে।

অভিযোগ রয়েছে, হাসপাতাল নির্মাণের সময় পার্কিংয়ের জায়গা দেখিয়ে অনুমোদন নেওয়া হলেও পরবর্তী সময়ে সেই জায়গায় ফার্মেসি, দোকান কিংবা চিকিৎসকের চেম্বার তৈরি করে ভাড়া দেওয়া হয়েছে।

টেকনাফ থেকে রোগী নিয়ে কক্সবাজার শহরে আসা শাহেদ করিম বলেন, ‘প্রাইভেটকারটি কোথায় পার্ক করব, সেই ব্যবস্থাও নেই। বাধ্য হয়ে স্টেডিয়ামের সামনে গাড়ি রেখে রোগীকে হাসপাতালে ভর্তি করতে হয়েছে।’

শহরের ইউনিয়ন হাসপাতাল, ফুয়াদ আল খতীব, একেএস, সেন্ট্রাল হাসপাতাল, জেনারেল হসপিটাল, সি-সাইড, শেভরন, সেবা ডায়াগনস্টিক সেন্টার, সিআইসি, ডিজিটাল, ন্যাশনাল, মা ও শিশু এবং প্রিমিয়ার মেডিকেল সেবাসহ বিভিন্ন প্রতিষ্ঠানের সামনে পার্কিং সংকটের অভিযোগ রয়েছে। কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষও সম্প্রতি ফুয়াদ আল খতীব হাসপাতাল ও সি-সাইড হাসপাতালে পরিদর্শনে পার্কিংসহ বিভিন্ন অসঙ্গতি পাওয়ার কথা জানিয়েছে।

২৮ লাখ মানুষের জেলায় নজরদারি কতটা?

২০২৪ সালের জনশুমারি অনুযায়ী কক্সবাজার জেলার জনসংখ্যা ২৮ লাখ ২৩ হাজার ২৬৬। এর সঙ্গে রয়েছে বিপুলসংখ্যক রোহিঙ্গা জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবার চাপ। সরকারি ব্যবস্থায় ২৫০ শয্যার জেলা সদর হাসপাতালের ওপর অতিরিক্ত চাপ থাকায় জেলার মানুষের একটি বড় অংশ বেসরকারি হাসপাতাল-ক্লিনিকের ওপর নির্ভরশীল।

ফলে লাইসেন্সের বৈধতা, চিকিৎসক-নার্সের উপস্থিতি, বেডের অনুমোদন, অস্ত্রোপচার ব্যবস্থাপনা, রোগীর নিরাপত্তা ও পার্কিং—কোনো একটি ক্ষেত্রেও অনিয়ম রোগীর জন্য বড় ঝুঁকি তৈরি করতে পারে। অথচ দীর্ঘদিন ধরে এসব বিষয়ে কার্যকর নজরদারি নিয়ে প্রশ্ন তুলছেন রোগী ও স্বজনরা।

ব্যবস্থা নেওয়ার আশ্বাস

কক্সবাজারের সিভিল সার্জন ডা. মোহাম্মদ ছাবের বলেন, জেলার সব ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের তালিকা হালনাগাদ করা হয়েছে। যাদের লাইসেন্স নবায়ন বা লাইসেন্স নেই, তাদের দ্রুত লাইসেন্স নবায়ন ও লাইসেন্স করার জন্য বলা হয়েছে। লাইসেন্স ছাড়াই পরিচালিত প্রতিষ্ঠান কিংবা লাইসেন্সের জন্য আবেদন না করা প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। নিয়ম না মানা প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়ারও কথা জানান তিনি।

কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মো. জসিম উদ্দিন বলেন, হাসপাতালের অব্যবস্থাপনার বিষয়ে ইতোমধ্যে সরেজমিনে পরিদর্শন করা হয়েছে। ফুয়াদ আল খতীব হাসপাতাল ও সি-সাইড হাসপাতালে পার্কিংসহ বিভিন্ন অসঙ্গতি পাওয়া গেছে। অন্য প্রতিষ্ঠানগুলোও তদন্ত করে বিধিমতে ব্যবস্থা নেওয়া হবে।

জেলা প্রশাসক মো. আ. মান্নান বলেন, লাইসেন্স নবায়ন ছাড়া পরিচালিত প্রতিষ্ঠানগুলো দ্রুত বন্ধের উদ্যোগ নেওয়া হবে।

তবে সংশ্লিষ্টদের এই আশ্বাস বাস্তবে কতটা কার্যকর হয়, সেটিই এখন দেখার বিষয়। রোগী ও স্বজনদের দাবি—শুধু তালিকা হালনাগাদ বা সতর্কবার্তা নয়, লাইসেন্সহীন ও শর্তভঙ্গকারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে নিয়মিত অভিযান, জরিমানা ও প্রয়োজন হলে বন্ধের ব্যবস্থা নিশ্চিত করতে হবে। কারণ চিকিৎসাসেবার নামে অনিয়মের দায় শেষ পর্যন্ত বহন করতে হয় রোগীকেই।


Post a Comment

0 Comments