নিজস্ব প্রতিবেদক
কক্সবাজারের
পেকুয়ায় বৃদ্ধ ইউসুফ আলী (৬৭) ওরফে মুন্সি মিয়া হত্যা মামলায় সরাসরি জড়িত
থাকার অভিযোগে তিন আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (২৫
সেপ্টেম্বর) দিবাগত রাতে চট্টগ্রাম নগরীর চাঁদগাঁও এলাকা থেকে র্যাবের
সহযোগিতায় তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার
ব্যক্তিরা হলেন—পেকুয়ার টইটং ইউনিয়নের খুইন্যাভিটা এলাকার চাঁন মিয়ার ছেলে
নুরুল কাদের, তার মেয়ে ফাহিমা জান্নাত এবং সুলতান আহমদের মেয়ে সালমা বেগম।
নিহত
ইউসুফ আলী টইটং ইউনিয়নের আলিম্যারঝিরি এলাকার কাদের বখশের ছেলে। এ ঘটনায়
নিহতের স্ত্রী ছেনুয়ারা বেগম বাদী হয়ে গত ৯ সেপ্টেম্বর রাতে পেকুয়া থানায়
একটি হত্যা মামলা করেন। মামলার নম্বর ১২/২৬।
মামলার
এজাহার সূত্রে জানা যায়, গত ৬ সেপ্টেম্বর বিকেলে টইটং ইউনিয়নের
আলিম্যারঝিরি এলাকায় নলকূপ থেকে পানি নেওয়াকে কেন্দ্র করে ইউসুফ আলীর সঙ্গে
আসামিদের বিরোধ সৃষ্টি হয়। একপর্যায়ে তাকে দুই দফায় মারধর করা হয়। পরে
পাকা সড়কের ওপর মাথায় তুলে আছাড় দেওয়ার অভিযোগ রয়েছে। এতে ইউসুফ আলী গুরুতর
আহত হন।
একই ঘটনায় ইউসুফ আলীর পরিবারের আরও তিন সদস্য আহত হন বলে মামলায় উল্লেখ করা হয়েছে।
গুরুতর
আহত ইউসুফ আলীকে প্রথমে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে
অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ
হাসপাতালে (চমেক) পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ১২টার
দিকে তার মৃত্যু হয়।
পরে এ ঘটনায় নিহতের স্ত্রী ছেনুয়ারা বেগম বাদী হয়ে পেকুয়া থানায় হত্যা মামলা দায়ের করেন।
মামলার এজাহারে একই পরিবারের পাঁচজনের নাম উল্লেখ এবং আরও ৩ থেকে ৪ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।
পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মেহেদী হাসান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে মামলার আসামিরা চট্টগ্রাম নগরীর চাঁদগাঁও এলাকায় অবস্থান করছেন। পরে র্যাবের সহযোগিতায় সেখানে অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করা হয়।
তিনি আরও বলেন, গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া শেষে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।

0 Comments