নিজস্ক প্ক্সরতিবেদক
কক্সবাজার শহরের সাহিত্যিকাপল্লী এলাকায় একরাম নামের এক যুবককে গুলি করার ঘটনায় আবুল মনসুর লুদু নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার দিবাগত রাত ১টার পর শহরের হাশেমিয়া মাদ্রাসা এলাকা থেকে তাকে আটক করা হয়। গ্রেফতারকৃত লুদু ওই এলাকার মৃত আব্দুস সবুর সওদাগরের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে সিটি কলেজ সংলগ্ন সাহিত্যিকাপল্লী এলাকায় গোলাগুলির ঘটনা ঘটে। এতে ৩২ বছর বয়সী রাজমিস্ত্রী একরাম গুলিবিদ্ধ হন। আহত একরামের পরিবারের দাবি, কাজ শেষে বাড়ি ফেরার পথে মুবিন, জাহেদ, সাদ্দাম ও লুদুসহ চারজন তাকে ঘিরে ধরে পেটে অস্ত্র ঠেকিয়ে গুলি করে। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে কক্সবাজার জেলা সদর হাসপাতালে নিয়ে যান। পরে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।এদিকে, নাম প্রকাশে অনিচ্ছুক একজন স্থানীয় বাসিন্দা জানান, জমি সংক্রান্ত বিরোধের জেরে এই হামলার ঘটনা ঘটে থাকতে পারে।
কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী জানান, খবর পাওয়ার পর থেকেই ওই এলাকায় পুলিশি তৎপরতা বাড়ানো হয়েছে এবং বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। তিনি আরও জানান, হামলার প্রকৃত কারণ ও অস্ত্রের উৎস অনুসন্ধানে তদন্ত শুরু হয়েছে। ঘটনার সাথে জড়িত বাকি আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

0 Comments