Recents in Beach

ব্রেকিং নিউজ

কক্সবাজারকে সিটি কর্পোরেশনে উন্নীত করার প্রস্তাব, মতামত-আপত্তি আহ্বান


নিজস্ব প্রতিবেদকঃ

কক্সবাজার পৌরসভাকে সিটি কর্পোরেশনে উন্নীত করার উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে প্রস্তাবিত কক্সবাজার সিটি কর্পোরেশনের সীমানা ও অন্তর্ভুক্ত এলাকা নির্ধারণ করে জনসাধারণের মতামত, পরামর্শ ও আপত্তি আহ্বান করা হয়েছে।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী কক্সবাজার জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার শাখা থেকে এ বিষয়ে একটি গণবিজ্ঞপ্তি জারি করা হয়েছে।

জেলা প্রশাসনের গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) প্রতিষ্ঠা বিধিমালা, ২০১০-এর বিধান অনুযায়ী কক্সবাজার পৌরসভাকে ‘কক্সবাজার সিটি কর্পোরেশন’ হিসেবে প্রতিষ্ঠার প্রক্রিয়া শুরু করা হয়েছে। এ জন্য কক্সবাজার সদর ও রামু উপজেলার কয়েকটি মৌজা ও এলাকা প্রস্তাবিত সিটি কর্পোরেশনের আওতায় অন্তর্ভুক্ত করার পরিকল্পনা নেওয়া হয়েছে।

প্রস্তাবিত সীমানায় কক্সবাজার সদর উপজেলার খুরুশকুল, তেঁতৈয়া, পিএমখালী, তোতকখালী ও খুরুলিয়া মৌজা অন্তর্ভুক্ত রয়েছে। এছাড়া বর্তমান কক্সবাজার পৌরসভার কক্সবাজার, কক্সবাজার প্যারাবন চর ও ঝিলংজা মৌজাও প্রস্তাবিত সিটি কর্পোরেশনের অন্তর্ভুক্ত থাকবে।

অন্যদিকে রামু উপজেলার উমখালী, দক্ষিণ মিঠাছড়ি, চাইন্দা—দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের অংশ—এবং খুনিয়াপালং ইউনিয়নের জঙ্গল খোনিয়াপালং মৌজাকে প্রস্তাবিত সীমানার আওতায় আনার পরিকল্পনা করা হয়েছে।

এ বিষয়ে কারও কোনো মতামত, পরামর্শ বা আপত্তি থাকলে গণবিজ্ঞপ্তি প্রকাশের তারিখ থেকে ৩০ দিনের মধ্যে জেলা প্রশাসক, কক্সবাজারের কাছে লিখিতভাবে দাখিল করার অনুরোধ জানানো হয়েছে। নির্ধারিত সময়সীমা অতিক্রমের পর কোনো আপত্তি গ্রহণ করা হবে না বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

গণবিজ্ঞপ্তিটির স্মারক নম্বর ০৫.২০.২২০০.১২৬.১১.১২৩.২০২৬-৫৬৫ এবং এটি জারি করা হয়েছে ৩১ আগস্ট ২০২৬।

কক্সবাজার ইনিশিয়েটিভের পক্ষ থেকে মঙ্গলবার এ তথ্য জানিয়ে বলা হয়েছে, বিশ্বের দীর্ঘতম সমুদ্রসৈকতকে কেন্দ্র করে গড়ে ওঠা কক্সবাজারকে একটি আধুনিক, পরিকল্পিত ও টেকসই পর্যটন নগরী হিসেবে গড়ে তুলতে সিটি কর্পোরেশন প্রতিষ্ঠা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

এ উদ্যোগ বাস্তবায়নের প্রক্রিয়ায় কক্সবাজারের সর্বস্তরের মানুষের সক্রিয় অংশগ্রহণ, মতামত ও গঠনমূলক পরামর্শ কামনা করা হয়েছে।

Post a Comment

0 Comments