নিজস্ব প্রতিনিধি
কক্সবাজারের টেকনাফ পৌর এলাকায় বেপরোয়া গতির একটি মিনি ট্রাকের ধাক্কায় এক পথচারী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়েছেন।
সোমবার (২৭ এপ্রিল) রাতে টেকনাফ পৌরসভার নাইট্যং পাড়া এলাকায় বনবিভাগ কার্যালয়ের সামনের সড়কে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।নিহত শফিউর রহমান (৩০) টেকনাফ পৌরসভার নাইট্যং পাড়া এলাকার বাসিন্দা এবং মো. অছি মাঝির ছেলে। আহত শফিক আলম (২৮) বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।
প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, টেকনাফ থেকে মাছের ড্রাম বোঝাই একটি মিনি ট্রাক দ্রুতগতিতে চলার সময় চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। একপর্যায়ে ট্রাকটি সড়কের পাশের নাফ নদীর খালে পড়ে যায়। এ সময় সড়ক দিয়ে হেঁটে যাওয়া দুই পথচারী ট্রাকটির নিচে চাপা পড়েন।
দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে উদ্ধার অভিযান চালান। তারা ট্রাকের নিচ থেকে শফিউর রহমানের মরদেহ উদ্ধার করেন এবং গুরুতর আহত শফিক আলমকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে পাঠান।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্ঘটনার পরপরই মিনি ট্রাকের চালক ও হেলপার ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।এ বিষয়ে টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, নিয়ন্ত্রণ হারিয়ে মিনি ট্রাক খাদে পড়ে যাওয়ার ঘটনায় একজন পথচারীর মৃত্যু হয়েছে। আহত ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

0 Comments