নিজস্ব প্রতিনিধি
কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের হিমছড়ি জাদুঘর সংলগ্ন এলাকায় বেপরোয়া গতিতে গাড়ি চালানোর ফলে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় একটি নোহা মাইক্রোবাস দুমড়েমুচড়ে গেছে।
শনিবার (৩০ মে) দুপুর আনুমানিক ২টার দিকে স্থানীয় মসজিদের সামনের বাঁক বা টার্নিং পয়েন্টে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, টেকনাফ থেকে কক্সবাজারগামী নোহা মাইক্রোবাসটি দ্রুতগতিতে চলছিল। হিমছড়ি এলাকার বিপজ্জনক বাঁকে পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং বিপরীত দিক থেকে আসা একটি ‘চাঁদের গাড়ি’র সঙ্গে মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ে।
সংঘর্ষের তীব্রতায় মাইক্রোবাসটির সামনের অংশ সম্পূর্ণ দুমড়েমুচড়ে যায়।
দুর্ঘটনার পর স্থানীয় লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে আহতদের উদ্ধার করে নিকটস্থ হাসপাতাল ও চিকিৎসাকেন্দ্রে পাঠান।
তবে তাৎক্ষণিকভাবে হতাহত ও আহতের সঠিক সংখ্যা জানা যায়নি।
স্থানীয় বাসিন্দারা জানান, মেরিন ড্রাইভ সড়কের হিমছড়ি অংশে একাধিক তীক্ষ্ণ বাঁক ও ঢালু এলাকা থাকায় প্রায়ই দুর্ঘটনা ঘটে।
বিশেষ করে পর্যটন মৌসুম ও ছুটির দিনে অতিরিক্ত যানবাহন চলাচল এবং অনেক চালকের বেপরোয়া গতির কারণে ঝুঁকি আরও বেড়ে যায়।
খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং দুর্ঘটনাকবলিত যানবাহন সরিয়ে সড়কে যান চলাচল স্বাভাবিক করেন।
এ ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। তারা মেরিন ড্রাইভ সড়কের ঝুঁকিপূর্ণ বাঁকগুলোতে গতি নিয়ন্ত্রণ ব্যবস্থা, সতর্কতামূলক সাইনবোর্ড এবং নিয়মিত ট্রাফিক নজরদারি বাড়ানোর দাবি জানিয়েছেন।

0 Comments