Recents in Beach

ব্রেকিং নিউজ

টেকনাফে মাদক মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার


নিজস্ব প্রতিনিধি

কক্সবাজারের টেকনাফে র‌্যাব-১৫ এর চিরুনি অভিযানে মাদক মামলায় ৮ বছরের সাজাপ্রাপ্ত এক পলাতক আসামিকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃত আসামির নাম জহির আহামদ (৩০)।

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১৫) সূত্র জানায়, জহির আহামদ দীর্ঘদিন ধরে আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে আত্মগোপনে ছিলেন।

গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৫, সিপিসি-১, টেকনাফ ক্যাম্পের একটি দল গত ২৯ মে রাত ১০টার দিকে টেকনাফ সদর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের গোদারবিল এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত জহির আহামদ টেকনাফ সদর ইউনিয়নের পশ্চিম গোদারবিল গ্রামের ফরিদ আহামদের ছেলে।

র‌্যাব জানায়, জহির আহামদের বিরুদ্ধে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) বাকলিয়া থানায় দায়ের করা ২০১৭ সালের একটি মাদক মামলা রয়েছে।

ওই মামলায় আদালত তাকে ৮ বছরের সশ্রম কারাদণ্ড, ৫ হাজার টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

রায় ঘোষণার পর থেকেই তিনি দেশের বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিলেন।

অভিযান চলাকালে তার কাছ থেকে কোনো অবৈধ মালামাল উদ্ধার করা হয়নি। গ্রেফতারের পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

র‌্যাব-১৫ জানিয়েছে, মাদক ও অপরাধ দমনে তাদের নিয়মিত অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Post a Comment

0 Comments