Recents in Beach

ব্রেকিং নিউজ

বন্ধুদের সাথে নদী সাঁতরিয়ে ফুটবল খেলতে যেতে পানিতে ডুবে সাংবাদিক পুত্রের মৃত্যু

 চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি 

কক্সবাজারের চকরিয়া পৌরসভায় বন্ধুদের সাথে মাতামুহুরী নদী সাঁতরিয়ে ফুটবল খেলতে যাওয়ার সময় পানিতে ডুবে নূরে ইলাইহি নাদিম (১৩) নামে সাংবাদিক পুত্রের মৃত্যু হয়েছে।

শুক্রবার (৮মে) সকাল সাড়ে ১০টার দিকে চকরিয়া পৌরসভার ৫নম্বর ওয়ার্ডের উত্তর কাহারিয়াঘোনা খোন্দকারপাড়ার ঘাটপাড়ায় এ ঘটনা ঘটে।
পানিতে ডুবে মারা যাওয়া শিশু নূরে ইলাইহি নাদিম (১৩) জাতীয় দৈনিক খবরপত্র ও স্থানীয় দৈনিক আজকের দেশ বিদেশ পত্রিকার নিজস্ব প্রতিবেদক অলিউল্লাহ রনির দ্বিতীয় ছেলে। সে চকরিয়া কোরক বিদ্যাপীঠের ষষ্ঠ শ্রেণির ছাত্র ছিল।
স্থানীয় এলাকাবাসী ও নিহতের স্বজনরা জানান, আজ শুক্রবার সকালে মাতামুহুরী নদীতে গোসল করতে যায় নাদিম ও তার কয়েকজন বন্ধু। ওইসময় বন্ধুরা মিলে পৌরসভা খোন্দকারপাড়া থেকে মাতামুহুরী নদীর ওপারে সাহারবিল ইউনিয়নের বাটাখালী এলাকায় জেগে ওঠা চরে ফুটবল খেলতে যাচ্ছিল। সাঁতার কেটে নদী পার হওয়ার সময় নাদিম নদীতে তলিয়ে যায়। এরপর স্থানীয় লোকজন ও পরিবারের সদস্যরা নদীতে খোঁজাখুঁজির পর নাদিমকে উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

নাদিমের চাচা সাংবাদিক বি.এম হাবিবুল্লাহ অভিযোগ করেন, আজ সকালে নদীর ওপারে বন্ধুদের সঙ্গে ফুটবল খেলতে যাচ্ছিল আমার ছোট ভাইয়ের আদরের সন্তান নাদিম। সে নদী পার হতে গিয়ে নদীতে সৃষ্ট গর্তে তলিয়ে যায়। মাতামুহুরী নদী থেকে প্রতিনিয়ত অবৈধভাবে বালু উত্তোলনের কারণে এই গর্তগুলো সৃষ্ট হয়। প্রায় সময়ই নদীতে ডুবে শিশুর মৃত্যুর ঘটনা ঘটে। অনাকাঙ্খিত এ ধরণের ঘটনার জন্য অবৈধ বালু উত্তোলনকারী দায়ী। তিনি প্রশাসনের কাছে অবৈধ বালু উত্তোলন বিরুদ্ধে জোরালো প্রদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন বলেন, মাতামুহুরী নদীতে ডুবে এক সংবাদকর্মীর স্কুলছাত্রের মৃত্যু হয়েছে বলে জানতে পেরেছি।  স্কুল ছাত্রের পরিবারের সঙ্গে কথা বলে এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

Post a Comment

0 Comments