Recents in Beach

ব্রেকিং নিউজ

ম্যানচেস্টার ইউনাইটেড ছাড়লেন কাসেমিরো


সাগর দেশ ডেস্ক

ম্যানচেস্টার ইউনাইটেডে অধ্যায় শেষ হলো কাসেমিরোর। বুধবার ব্রাজিলিয়ান মিডফিল্ডারের বিদায় আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে ইংলিশ ক্লাবটি। একই বিবৃতিতে জেডন সানচো ও টাইরেল মালাসিয়ার বিদায়ের কথাও জানিয়েছে ইউনাইটেড। তবে ঘোষণার মূল আলোচনায় ছিলেন সাবেক ব্রাজিলিয়ান তারকা কাসেমিরোই।

রিয়াল মাদ্রিদে সফল সময় কাটানোর পর ২০২২ সালে ম্যানচেস্টার ইউনাইটেডে যোগ দেন কাসেমিরো। ওল্ড ট্র্যাফোর্ডে আসার পর খুব দ্রুতই দলের অন্যতম নেতা হয়ে ওঠেন তিনি।

চার মৌসুমে ইউনাইটেডের জার্সিতে ১৬০ ম্যাচ খেলেছেন ব্রাজিলিয়ান এই মিডফিল্ডার। গোল করেছেন ২৬টি।

ক্লাবের সাম্প্রতিক কয়েকটি গুরুত্বপূর্ণ সাফল্যেও সরাসরি অবদান ছিল কাসেমিরোর। বিদায়ী বিবৃতিতে তার উল্লেখযোগ্য মুহূর্তগুলোর কথা তুলে ধরেছে ম্যানচেস্টার ইউনাইটেড। বিশেষ করে ২০২৩ ইংলিশ লিগ কাপ ফাইনালে নিউক্যাসলের বিপক্ষে তার পারফরম্যান্সের কথা আলাদা করে উল্লেখ করেছে ক্লাবটি।

সেই ফাইনালে হেডে গোল করে ইউনাইটেডকে এগিয়ে দিয়েছিলেন কাসেমিরো। শেষ পর্যন্ত নিউক্যাসলকে হারিয়ে শিরোপা জেতে রেড ডেভিলরা। সেই জয়ে ছয় বছরের শিরোপা-খরা কাটে ম্যানচেস্টার ইউনাইটেডের।

২০২৪ সালে এফএ কাপজয়ী দলেও ছিলেন কাসেমিরো। সাম্প্রতিক সময়ে ক্লাবের অন্যতম বড় অর্জন হিসেবে বিবেচিত সেই শিরোপা জয়ের অংশ ছিলেন ব্রাজিলিয়ান এই মিডফিল্ডার।

তবে কাসেমিরোর বিদায় ক্লাবের ভেতরে আগেই অনুমেয় ছিল। সাম্প্রতিক সপ্তাহগুলোতে তার বিকল্প খুঁজতে কাজ এগিয়েছে ইউনাইটেড। মাঝমাঠ শক্তিশালী করতে কয়েকজন ফুটবলারকে নজরে রেখেছে ক্লাবটি। তাদের একজন ব্রাজিলিয়ান মিডফিল্ডার এদেরসন, যিনি আতালান্তা ও কার্লো আনচেলত্তির অধীনে ব্রাজিল জাতীয় দলে নজর কাড়ছেন।

কাসেমিরোর পাশাপাশি জেডন সানচোর বিদায়ও নিশ্চিত করেছে ম্যানচেস্টার ইউনাইটেড। ২০২১ সালে বরুসিয়া ডর্টমুন্ড থেকে প্রায় ৮৫ মিলিয়ন ইউরোয় ওল্ড ট্র্যাফোর্ডে এসেছিলেন ইংলিশ এই ফরোয়ার্ড। তবে বড় প্রত্যাশা নিয়ে আসলেও ইউনাইটেডে নিজেকে সেভাবে মেলে ধরতে পারেননি তিনি।

রেড ডেভিলদের হয়ে ৮৩ ম্যাচ খেলেছেন সানচো। এরপর ধারাবাহিকভাবে ধারে খেলেছেন বরুসিয়া ডর্টমুন্ড, চেলসি ও অ্যাস্টন ভিলায়।

ইউনাইটেড ছাড়ছেন টাইরেল মালাসিয়াও। ২০২২ সালে ফেইনুর্ড থেকে ম্যানচেস্টার ইউনাইটেডে যোগ দেন ডাচ এই ফুলব্যাক। তবে ক্লাবটিতে তার সময়ের বড় অংশ কেটেছে শারীরিক সমস্যায়। চোটের কারণে নিয়মিত খেলতে না পারলেও ইউনাইটেডের হয়ে ৫০ ম্যাচ খেলেছেন তিনি। ২০২৩ সালে ইংলিশ লিগ কাপজয়ী দলেও ছিলেন মালাসিয়া।

Post a Comment

0 Comments